দুই প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমানের মনোনয়নপত্র কেড়ে নিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাঝিগাতি গ্রামের দেলোয়ার হোসেনের মনোনয়নপত্রও কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার এ দুটি ঘটনা ঘটেছে।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী নড়াগাতী থানা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান বলেন, ‘গতকাল বিকেল তিনটার দিকে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে মনোনয়নপত্র স্বাক্ষর করে চাচাতো ভাই দেলোয়ার হোসেন ও ফোরকান মোল্লার কাছে দিই। তারা দুজনে উপজেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের মারপিট করে মনোনয়নপত্র কেড়ে নেয়। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইমরুল কায়েস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’
জানতে চাইলে ইমরুল কায়েস বলেন, ‘জিয়াউর রহমান আমার বংশের এবং সম্পর্কে চাচাতো ভাই। লোকমুখে শুনেছি তিনি বিএনপি থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন। তিনি এলাকায় থাকেন না, ঢাকায় থাকেন। তাঁর সঙ্গে আমার দেখা হয়নি। তাঁর মনোনয়নপত্র কারা কেড়ে নিয়েছে, তা-ও জানি না।’
দেলোয়ার হোসেন বলেন, ‘কলাবাড়িয়া গ্রামের হেকমত মোল্লা, শামছু মোল্লাসহ ১৫-২০ জন আমার হাত থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়ে মারপিট করে।’ হেকমত ও শামছু আওয়ামী লীগ প্রার্থী ইমরুল কায়েসের সমর্থক।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, ‘আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন অফিসের সামনে ছিলাম। এ ধরনের কোনো ঘটনাই সেখানে ঘটেনি।’ তিনি দাবি করেন, হয়তো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বিএনপি প্রার্থী অভিযোগ করছেন।
কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান শিকদার বলেন, গতকাল ছিল চতুর্থ ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। এখানে কোনো ধরনের অঘটন ঘটেনি। কলাবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির কোনো প্রার্থীর মনোনয়নপত্র নেই।
মুকসুদপুরের বহুগ্রাম ইউনিয়নের দেলোয়ার হোসেন বলেন, ‘আমার পক্ষে সমর্থনকারী কামাল মিয়া ও সমর্থক ওহিদ মিয়া বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আমার মনোনয়নপত্রটি জমা দেন। জমা দেওয়ার পর নম্বরও পড়ে। যখন রিসিভ কপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তখন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহেল মিয়া ও তাঁর কয়েকজন ক্যাডার আমার মনোনয়নপত্রটি টেনে নিয়ে ছিঁড়ে ফেলে অফিসকক্ষের পাশের পুকুরে ফেলে দেন। এ ছাড়া তাঁরা কামাল ও ওহিদকে মারপিট করেন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিরেন্দ্রনাথ মৈত্র বলেন, ‘দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তা বৈধ হয়েছে।’
এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘যেহেতু নম্বর পড়ে গিয়েছে এ জন্য নির্বাচন কর্মকর্তা আমাকে আরেকটি ফরম পূরণের সুযোগ করে দেন।’
অভিযোগ প্রসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহেল শেখ বলেন, ‘দেলোয়ার হোসেনের মনোনয়ন জমা দেওয়ার সময় আমি বা আমার কোনো সমর্থক সেখানে উপস্থিত ছিল না। তবে আমি শুনেছি মস্তানে মস্তানে মারামারি হয়েছে। আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি বলে তিনি আমার ঘাড়ে অন্যায়ভাবে দোষ চাপাচ্ছেন। এ ঘটনার আমি কিছুই জানি না।’