দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল শনিবার পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন এমান উদ্দিন, নুর ইসলাম, জাকির হোসেন, জাবের হোসেন ও মো. সামির। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পৌর নির্বাচনের প্রার্থীদের নিয়ে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা একটার দিকে সভা শেষ হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী এ কে এম ইউছুফ আলী ও ‘বিদ্রোহী’ প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ছায়েফ উদ্দিন আহমদের লোকজন মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মো. ছায়েফ উদ্দিন আহমদের অভিযোগ, তিনি উপজেলা পরিষদের সভাস্থল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ইউছুফ আলীর একদল সমর্থক তাঁর গাড়িতে হামলা চালান। এ সময় তাঁকে রক্ষা করতে সমর্থকেরা এগিয়ে এলে তাঁদের মারধর করা হয়। এতে তাঁর চার সমর্থক আহত হন।
তবে এ কে এম ইউছুফ আলী হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে প্রথম আলোকে বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থী হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে কোনো কারণ ছাড়াই তাঁর সমর্থক যুবলীগের নেতা এমান উদ্দিনকে কিল-ঘুষি মেরে আহত করেন। এ সময় তাঁর কর্মীরা এগিয়ে এলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর লোকজন পালিয়ে যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, সভা শেষে যাওয়ার পথে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর লোকজনের সঙ্গে প্রতিপক্ষের এক কর্মীর সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়। এরপর ‘বিদ্রোহী’ প্রার্থীর লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।