দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় বাজারের পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ব্রিজবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিনের সমর্থকেরা গণসংযোগ করছিলেন। একপর্যায়ে তাঁরা আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিনের সমর্থকদের মুখোমুখি হয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এর জের ধরে রাত ১১টার দিকে মহিউদ্দিনের লোকজন বাজারের পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।
বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিনের অভিযোগ, মহিউদ্দিনের সমর্থকেরা বিনা উসকানিতে বাজারে এসে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন। একপর্যায়ে তাঁরা তাঁর সমর্থকদের পাঁচটি দোকান ভাঙচুর করেন।
অভিযোগ অস্বীকার করে মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী এনে জড়ো করছে। শুক্রবার রাতে তারা ব্রিজবাজারের কাছে ফাঁকা গুলি ছুড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে কোনো দোকান ভাঙচুরের ঘটনা ঘটেনি।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিছুল হক বলেন, চরকিং ইউনিয়নে প্রতিদিনই বিচ্ছিন্ন নানা ঘটনা ঘটে। তবে বড় কোনো সংঘাত হয়নি। শুক্রবার রাতেও দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। তিনি বলেন, দোকান ভাঙচুরের কোনো অভিযোগ কেউ করেননি।