দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদিকে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে শনিবার রাতে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নে প্রতিপক্ষ দু্ই প্রার্থী হলেন আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান এবং জাতীয় পর্টির (জাপা) আবদুল কাদির। গতকাল সোমবার সকালে বৃ-কাঁঠালিয়া গ্রামে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় মজিবুর রহমানকে (৬০) ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। অন্য তিনজন হলেন আবদুল মান্নান (৬৫), শাহিন (১৮) ও মন্নান মিয়া (৬২)।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া বাজারে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে শনিবার রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ওরফে মুরাদ বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলাটি করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, মামলার তদন্ত চলছে।