দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মহাসড়ক বন্ধ
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ সোমবার বিকেল চারটার দিকে এ সংঘর্ষের শুরু। বিকেল সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ বিকেল চারটার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান এবং একই পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় এ সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় উত্তেজিত সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন। এতে উভয় পক্ষে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে মানুষ দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও কার্যত তারা নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমানের অভিযোগ, ‘ইমাম হোসেনের অনুসারীরা আমাদের প্রচারণায় বাধা দিয়ে হামলা করেছে।’ তবে এই অভিযোগ অস্বীকার করে ইমাম হোসেন বলেন, ‘মিজানুর রহমানের অনুসারীরা হামলা করেছে।’
নীরব ভূমিকার কথা অস্বীকার করে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ প্রথম আলোকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।