
টাঙ্গাইলের কাগমারায় নিহত দুই সন্দেহভাজন জঙ্গির একজন আহসান হাবিবের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তিনি গত বছরের সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
গতকাল মঙ্গলবার টাঙ্গাইলে র্যাব কার্যালয়ে আহসানের লাশ শনাক্ত করেন তাঁর বাবা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। তিনি সন্ধ্যায় প্রথম আলোকে লাশ শনাক্ত করার কথা জানান।
আহসানের চাচা রানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন বলেন, আহসান হাবিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়তেন। ওই বিভাগে তৃতীয় বর্ষে পড়ার সময় ২০১৪ সালের ডিসেম্বর মাসে অস্ত্র মামলায় গ্রেপ্তার হন। পরের বছরের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না। তখন নিখোঁজ হওয়ার ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়রি করেন তাঁর বাবা।
চাচা শরীফ উদ্দীন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তাঁর মধ্যে পরিবর্তন আসতে থাকে। মানুষের সঙ্গে ঠিকমতো মিশতেন না।
পুরোনো পত্রিকা ঘেঁটে দেখা যায়, ২০১৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা-রাজশাহী মহাসড়কে পুলিশকে গুলি করে মোটরসাইকেলে পালানোর সময় পিস্তলসহ গ্রেপ্তার হন আহসান হাবিব।