দুই বছর ধরে ফাঁস প্রশ্ন বিক্রি করছিলেন হুমায়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা এলাকা থেকে প্রশ্ন ফাঁসচক্রের এক সদস্য মো. হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি প্রায় দুই বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি করে আসছিলেন বলে র‍্যাব দাবি করে।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ভাটারা এলাকার চরকৃষ্ণপুর গ্রামে। ভাটারা বাজারে তাঁর কম্পিউটারের একটি দোকান রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় র‌্যাব-১৪ কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জামালপুর র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার রাজীব কুমার দেব বলেন, সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে তদারকি বাড়ানো হয় এবং পরীক্ষার কেন্দ্র ও কোচিং সেন্টারগুলোকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়। পরীক্ষা শুরুর আগ থেকে ‘শান আহম্মেদ’ নামের একটি ফেসবুক আইডি নজরদারির মধ্যে ছিল। পরে ওই ভুয়া আইডির মালিক হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিনটি মোবাইল সেট ও পাঁচটি সিম পাওয়া যায়।

রাজীব আরও বলেন, হুমায়ুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এক বছর ধরে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন ঢাকা থেকে ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করে জামালপুরে বিক্রি করে আসছিলেন। গত এসএসসি পরীক্ষায় হুমায়ুন ছয়টি বিষয়ের হুবহু প্রশ্নপত্র পেয়েছিলেন বলে জানিয়েছেন। ওই সব প্রশ্ন তিনি ৭০০ থেকে ৮০০ টাকায় শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন। আসন্ন এইচএসসি পরীক্ষায় তিনি বিভিন্ন শিক্ষার্থীর প্রশ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। কিন্তু সরকারের ব্যাপক কঠোর অবস্থানের কারণে তিনি এবার এখনো প্রশ্ন পাননি।

জামালপুর র‌্যাব-১৪-এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা প্রথম আলোকে বলেন, ‘চক্রটি শুধু প্রশ্নফাঁসের সঙ্গেই জড়িত নয়। তারা বিভিন্ন ফেসবুকের ভুয়া আইডি ব্যবহার করে পরীক্ষার ফলাফল পরিবর্তনের আশ্বাস দিয়েও টাকা নিত। তাদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুকে যেসব মোবাইল নম্বর দেওয়া হতো, সেগুলো অন্য লোকজনের নামে রেজিস্ট্রেশন করা। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’