দুই বছর পর ফিরলেন পাচারের শিকার ৭ তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশি তরুণীকে গত বুধবার যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুই বছর আগে পাচারের শিকার হন তাঁরা।
ফেরত আসা ওই তরুণীদের বাড়ি যশোর, ঢাকা, নড়াইল, রংপুর ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায়। তাঁদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালেরা বিভিন্ন সময়ে ওই তরুণীদের অবৈধভাবে ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের দায়ে ভারতের পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে ‘দেওয়ানা শেল্টার হোম’ নামে একটি সংস্থা কারাগার থেকে ছাড়িয়ে তাঁদের নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের ফেরত আনার ব্যবস্থা করা হয়। বুধবার সন্ধ্যায় ওই তরুণীরা বেনাপোল তল্লাশিচৌকি হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের পাশাপাশি দুই দেশের অভিবাসন পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বলেন, ভারতের অভিবাসন পুলিশ ওই তরুণীদের বাংলাদেশের অভিবাসন পুলিশের হাতে তুলে দেয়। পরে তাঁদের বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপর তাঁদের ঢাকার জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে।
সংস্থাটির প্রতিনিধি তারিকুল ইসলাম বলেন, ‘ফেরত আনা তরুণীদের পুনর্বাসনের লক্ষ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তাঁদের অভিভাবকদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। স্বজনদের কাছে তুলে দেওয়ার আগ পর্যন্ত তাঁরা ঢাকা আহছানিয়া মিশনের যশোর আশ্রয়কেন্দ্রে (শেল্টার হোম) থাকবেন।’