দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরে ভাড়াটিয়ার দুই বছর বয়সী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগে বাড়িওয়ালি আছিয়া খাতুনকে গেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে শহরের সাঁড়াগোপালপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, নিহত শিশুটির নাম মেহেদী (২)। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নূপুর খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আছিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার কথা স্বীকার করেছেন। আছিয়ার স্বামী কুপন একটি খুনের মামলায় কয়েক মাস ধরে পাবনা জেলহাজতে রয়েছেন।
থানা-পুলিশ ও নিহতের প্রতিবেশী সূত্র জানায়, মেহেদীর মা নূপুর খাতুন পেশায় গৃহপরিচারিকা। তিনি শহরের সাঁড়াগোপালপুরের নতুনপাড়ায় আছিয়া খাতুনের স্বামী কুপনের বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। গতকাল ভোরে নূপুর ছেলেকে আছিয়ার কাছে রেখে শহরের পিয়ারপুরে এক বাড়িতে কাজে যান।
নূপুর জানান, তাঁর স্বামী ইমরান গত বছর মারা গেছেন। এরপর থেকে তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। প্রতিদিনের মতো গতকালও তিনি ছেলেকে বাড়িওয়ালার স্ত্রীর কাছে রেখে কাজে যান। কাজে যাওয়ার সময় ছেলেটি কান্নাকাটি করলে আছিয়া তাঁর সামনেই ছেলেকে চড় দেন। কাজে যাওয়ার পর তিনি ছেলের মৃত্যুর খবর পান।
নূপুর আরও বলেন, ছেলেকে দেখভালের জন্য তিনি প্রতি মাসে আছিয়াকে ঘর ভাড়ার সঙ্গে আরও কিছু টাকা দিতেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী দু-তিনজন জানান, শিশুটির মা কাজে যাওয়ার পর শিশুটি আরও কান্নাকাটি করে। এতে ক্ষিপ্ত হয়ে আছিয়া শিশুটিকে মারধর ও গলাটিপে হত্যা করে। পরে এলাকাবাসী আছিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে গিয়ে আছিয়াকে আটক করে।