দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার ভোরে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাঁদের ভারতের হবিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই দুজন হলেন পোরশা উপজেলার কালাইবাড়ী গ্রামের আবুল কালাম (২৫) ও বিষ্ণুপুর বটতলী গ্রামের রাকিব মিয়া (৩০)।

বিজিবি ১৪ ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে রাকিব, আবুল কালামসহ ছয়-সাতজন গরু আনতে ভারতে যান। গতকাল ভোর সাড়ে চারটার দিকে তাঁরা পোরশা উপজেলার নিতপুর সীমান্ত ফাঁড়ির অদূরে ৩১ নম্বর প্রধান পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। পথে কেদারীপাড়া বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। রাকিব ও কালামকে সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে আটক করেন বিএসএফ সদস্যরা। পরে তাঁদের ভারতের হবিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বেলা একটার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক হয়েছে। বিএসএফ জানিয়েছে, ওই দুই বাংলাদেশিকে গরুসহ ভারতের সীমান্তের অভ্যন্তর থেকে আটক করা হয়েছে। পরে তাঁদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।