ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা পুলিশ দাবি করেছে, পশ্চিমবঙ্গের রানাঘাটে এক সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় জড়িত দুই বাংলাদেশিকে চিহ্নিত করেছে তারা। এক নারীসহ সন্দেহভাজন আট বাংলাদেশিকে আটক করার তিন দিন পর গত বৃহস্পতিবার সেলিম ও হাবিবুল নামের এ দুজনকে চিহ্নিত করার দাবি করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
এদিকে জিনিউজের খবরে বলা হয়, ওই ঘটনায় গত সপ্তাহে আটক দুই বাংলাদেশি সিকান্দার শেখ ওরফে সেলিম ও গোপাল সরকারের বিরুদ্ধে গত বুধবার ভারতীয় দণ্ডবিধির ১২০-এর বি ধারায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন রানাঘাটের মুখ্য বিচারিক হাকিম আদালত।
লুধিয়ানা পুলিশ কমিশনার প্রমোদ বানের ভাষ্যমতে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পাঠানো সন্দেহভাজন দুই বাংলাদেশির ছবির সঙ্গে সেলিম ও হাবিবুলের মুখাবয়বের মিল পেয়েছেন তাঁরা। আটক সন্দেহভাজন আট বাংলাদেশির অপর ছয়জনের নাম জিনাত শেখ, ইবাদুল, শেখ মোমতাজ, মুস্তাগিন শেখ, সোহাগ আলম ও মনা।
ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য, আটক আট বাংলাদেশির দাবি, তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। দেখা গেছে, তাঁরা অবৈধ বাংলাদেশি অভিবাসী।