দুই বাংলাদেশিকে 'পিটিয়ে মেরে' ফেলল বিএসএফ
যশোরের বেনাপোল সীমান্তে গুলি করে দুই বাংলাদেশিকে মেরে ফেলার পর দুঃখ প্রকাশ করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ হত্যাকাণ্ডের পাঁচ দিন না যেতেই আবারও দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
এ নিয়ে গত এক মাসের কম সময়ের মধ্যে বিএসএফের হাতে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল পাঁচজনে। সাম্প্রতিকতম ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও মাসুদপুর সীমান্তে গত বুধবার মৃত্যু হয় মোহাম্মদ হাকিম (৩৫) ও মোহাম্মদ শরীফের (২৫)।
৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক বলেন, ওই দিন বিকেলে ফতেপুর সীমান্তে হাকিমের লাশ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন স্থানীয় লোকজন। পরে তাঁদের সহায়তায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি তারাপুরের ঠুটাপাড়ায়। একই সময় মাসুদপুর সীমান্ত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় শরীফকে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাঁর বাড়ি খরিয়াল গ্রামে। দুজনই চোরাচালানে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, বিএসএফ সদস্যরা ওই দুজনকে পিটিয়ে একজনকে মেরে ফেলার পর ও অন্যজনকে গুরুতর আহত করার পর বাংলাদেশ অংশে তাঁদের ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএসএফকে জানানো হয়।
বিজিবি জানায়, বিএসএফকে জানানোর পর গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফতেপুর সীমান্তে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী ও বিএসএফের পক্ষে চাঁদনীচক ক্যাম্পের সহকারী কমান্ড্যান্ট প্রদীপ কুমার নেতৃত্ব দেন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে মিন্নাত আলী জানান, ওই দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। তারা দাবি করেছে, মঙ্গলবার রাতে ভারতীয় গ্রামবাসীর সঙ্গে বাংলাদেশি চোরাচালানিদের সংঘর্ষ হয়েছিল বলে তারা শুনেছে। ওই সংঘর্ষে মারা যেতে পারেন দুজন।
এদিকে ময়নাতদন্ত ছাড়াই মোহাম্মদ শরীফকে দাফন করা হয়েছে। তবে হাকিমের লাশের ময়নাতদন্ত গতকাল চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়।
উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের আগে গত ১১ এপ্রিল যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে অকো (২৯) ও শান্ত (২৫) নামের দুই বাংলাদেশি নিহত হন। তাঁদের বাড়ি যথাক্রমে শার্শা উপজেলার পুটখালী গ্রাম ও ঝিনাইদহ সদর উপজেলার বেতাই দুর্গাপুর গ্রামে।
এর আগে গত ২২ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামের আরেক বাংলাদেশি নিহত হন। তাঁর বাড়ি জামাইপাড়া গ্রামে।