দুই বাল্যবিবাহ বন্ধ, বরসহ চারজনের দণ্ড
নীলফামারীর ডিমলা উপজেলায় পৃথক দুটি বাল্যবিবাহের আসরে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরসহ তিনজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার রাতে আদালতের বিচারক ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় এ রায় দেন। গতকাল শুক্রবার দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
ডিমলা থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের একটি গ্রামে ১৫ বছর বয়সী দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত এ সময় উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের বর লেবু ভুঁইয়া (২৬), বরের বাবা বিশা ভুঁইয়া ও কনের বাবা আজম আলীকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলার বালাপাড়া ইউনিয়নে অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়ের সঙ্গে বালাপাড়া গ্রামের দবির উদ্দীনের ছেলে তৈয়বুল ইসলামের (২৪) বিয়ের আয়োজন চলছিল। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়ের দাদাকে (৬০) এক হাজার টাকা জরিমানা করেন।