দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে গতকাল মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী এক বাসের চাপায় হুমায়ুন কবীর (২০) নামের আরেক বাস চালকের সহকারী নিহত হয়েছেন। 
পুলিশের ধারণা, দুই বাসের প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হুমায়ুন আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি-২৭ পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন। গতকাল গাজীপুর থেকে ছেড়ে বাসটি মহাখালীর সেতু ভবনের সামনে গেলে আলম এশিয়া পরিবহনের একটি বাস তাঁকে পাশ থেকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুটি বাসই মহাখালীর সিগন্যালে আটকে ছিল। সিগন্যাল ছাড়লে আগে যাওয়া নিয়ে প্রতিযোগিতার মধ্যেই আলম এশিয়ার বাসটি হুমায়ুনকে চাপা দেয়। দুটি বাসই আটক করা হয়েছে। তবে চালকদের পাওয়া যায়নি।