দুই বাসের রেষারেষি প্রাণ গেল সহকারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটোর্ধ্ব আইয়ুব আলীর একমাত্র ছেলে সোহেল খান। মানিকগঞ্জের সাটুরিয়া থেকে এসে গাজীপুরের প্রভাতি বনশ্রী পরিবহনের বাস সহকারীর কাজ করতেন ৩০ বছরের এই যুবক। অভাব থাকলেও সোহেলের উপার্জনে চলত আইয়ুব আলীর সংসার। কিন্তু দুই বাসের রেষারেষিতে রাস্তায় ছিটকে পড়ে গতকাল মঙ্গলবার প্রাণ হারান সোহেল।
বেলা দুইটার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, সোহেলের বাসটি মহাখালী থেকে মগবাজারের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। একই পরিবহনের আরেকটি বাস প্রতিযোগিতায় নামে। শুরু হয় গতি বাড়ানোর খেলা।
তবে সোহেলের বাসে যাত্রী বেশি ছিল। বাসের গেটে প্রায় ঝুলন্ত অবস্থায় ছিলেন সোহেল। নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে থানার সামনে রাস্তার ওপর পড়ে যানওই যুবক। প্রতিযোগিতার নেশায় মেতে থাকা অন্য বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৬৯০৫) চালকও সোহেলের শরীরের ওপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, অভিযুক্ত বাসচালকের নামও সোহেল।
ঘটনার পরপরই ওই বাসচালক, তাঁর সহকারী মামুন ও বাসটি আটক করা হয়েছে। নিহত সোহেলের পরিবারের সদস্যরা ঢাকায় এসে মামলা করবেন।
টেলিফোনে আইয়ুব আলী বলেন, ‘আমি সাটুরিয়ায় একটি পোলট্রি দোকানের কাজ করি।
তবে সোহেলের ট্যাকায় আমাগো সংসার চলত। পোলা প্রতি সপ্তাহে তিন হাজার টাকা হাতে তুইল্যা দিত। আমার আর পোলা নাই। বুড়া বয়সে সংসার চালামু ক্যামনে!’