দুই বাড়িতে ডাকাতি ৭ লাখ টাকার মালামাল লুট
টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বাড়ি থেকে বুধবার গভীর রাতে টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। তাদের ছুরিকাঘাতে প্রদীপ সরকার (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মির্জাপুর থানার অদূরে উপজেলা সদরের বাওয়ার রোডে কলেজশিক্ষক শারমীন আক্তারের ভাড়া বাসায় বুধবার দিবাগত রাত চারটার দিকে পাঁচ-ছয়জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা কৌশলে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে শারমীন ও তাঁর বাবা বরকত উল্লাহ সরকারসহ বাড়ির সবাইকে জিম্মি করে। এরপর আলমারিতে রক্ষিত নয় ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও চারটি মুঠোফোনসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে।
এর আগে রাত আড়াইটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের হাবিবুর রহমান খানের বাড়িতে পাঁচ-ছয়জন ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদলটি চলে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে প্রদীপ সরকার আহত হন। তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, ডাকাতির ঘটনা পুলিশের জানা নেই। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন।