দুই বিক্রয়কর্মীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
বগুড়ায় একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির দুই বিক্রয়কর্মীকে কুপিয়ে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে জেলার গাবতলী-নাড়ুয়ামালা সড়কের নাড়ুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের রামদার কোপে বিক্রয়কর্মী মনিরুজ্জামানের (২৮) বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাঁর সঙ্গী গৌতম চন্দ্র আহত হন।
দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মনিরুজ্জামানের অবস্থার অবনতি ঘটলে তাঁকে সন্ধ্যায় রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ায় হাসপাতালে ভর্তির পর মনিরুজ্জামান জানান, তিনি ও গৌতম চন্দ্র বগুড়া শহরের গ্রামীণফোনের ফ্লেক্সিলোড ও কার্ড পরিবেশক প্রতিষ্ঠান ফার্স্ট ডিস্ট্রিবিউশনের বিক্রয়কর্মী। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ফ্লেক্সিলোড বিপণনের কাজ শেষে একটি মোটরসাইকেলে তাঁরা দুজনে আদুরবাজার থেকে নাড়ুয়ামালা হয়ে গাবতলী ফিরছিলেন। পথে নাড়ুয়ামালা সেতুসংলগ্ন গতিরোধকের কাছে এ ঘটনা ঘটে।