দুই বিঘা খাসজমি ২৩ জনের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর খাল এভাবেই দখল করেছেন প্রভাবশালী ব্যক্তিরা l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর খাল এভাবেই দখল করেছেন প্রভাবশালী ব্যক্তিরা l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর খালের প্রায় দুই বিঘা সরকারি খাসজমি প্রভাবশালীরা বেদখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন ২৩ জন দখলদারের একটি তালিকাও তৈরি করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর খালের দুই পাশ দখল করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাড়িঘর, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। দুই বছর ধরে খালটির দুই পাশ মাটি দিয়ে ভরাট করার ফলে কাঁচপুর বিসিক শিল্পনগরের বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যসহ পানি শীতলক্ষ্যা নদীতে নামতে পারছে না। বৃষ্টির পানি সরতে পারে না। তাই কাঁচপুর, কুতুবপুর, পুরাতন কাঁচপুর, খালপাড়সহ পাঁচ গ্রামের মানুষ তীব্র জলাবদ্ধতার শিকার হয়। খালটি দখলমুক্ত করার জন্য এলাকাবাসী ও শিল্পকারখানার মালিকদের লিখিত অভিযোগ দেন এবং বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ আন্দোলন শুরু করেন। এ পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে ২৩ জন দখলদারের তালিকা প্রকাশ করেন।
উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মংউসাং, জরিপকারী (সার্ভেয়ার) জামাল উদ্দিন ও স্থানীয় কাঁচপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের যৌথ স্বাক্ষরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিতপত্রে উল্লেখ করা হয়, কাঁচপুর মৌজার আরএস ১২০১, ১২২৯, ১৪০৯ দাগে কাঁচপুর এলাকার প্রভাবশালী নুরুল হক, আবু মিয়া, রহম আলী, রাজু আহম্মেদ, ফজলুল হক, সামসুদ্দিন, মাসুদ মিয়া, রহমত উল্লাহ, ইসমাইল হোসেন, কাঁচপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য আনোয়ারা বেগম, এলাকার বাসিন্দা মতি মিয়া, আসাবুদ্দিন, আলী হোসেন, আবুল হোসেন, শরীফ হোসেন, মতিউর রহমান, মোহাম্মদ আলী, আয়নাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম, কবির হোসেন, মোস্তফা মিয়া ও কফিল উদ্দিন ৬৪ শতাংশ সরকারি খাস সম্পত্তি দখল করে নিয়েছেন। এ খালের দুই পাশের এই সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় পৌনে ছয় কোটি টাকা।
কাঁচপুর গ্রামের বাসিন্দা নোয়াব মিয়া (৬৭) ও আনোয়ার খান (৬৪) প্রথম আলোকে বলেন, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক খালটি দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত।
সরকারি সম্পত্তি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ব্যাপারে জানতে চাইলে কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য আনোয়ারা বেগম এবং কাঁচপুর গ্রামের বাসিন্দা নুরুল হক ও আবু মিয়া বলেন, ‘খালের পাশে আমাদের বাড়িঘর থাকায় হয়তো কিছু সরকারি সম্পত্তি দখল হয়ে থাকতে পারে। তবে সরকার খালটি পুনরুদ্ধার করতে চাইলে আমরা আমাদের দখলে থাকা জায়গা ছেড়ে দেব। এলাকাবাসীদের সঙ্গে আমরাও একমত, সরকার একটি প্রকল্প গ্রহণ করে খালটির আদি রূপ ফিরিয়ে দিক।’
কাঁচপুর ইউপির চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘ঐতিহাসিক খালটি দখল হয়ে যাওয়ায় মানুষের যে কত দুর্ভোগ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রতিদিনই এই এলাকার মানুষ ও ব্যবসায়ীরা খালটির দুই পাশের দখলদারদের উচ্ছেদ করে খালটি পুনরুদ্ধার করার জন্য আমার কাছে দাবি নিয়ে আসে। দখলদাররা প্রভাবশালী হওয়ার কারণে তারা আমার কথা মানছে না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘ঐতিহাসিক খালটি পুনরুদ্ধারে ২৩ জন দখলদারকে উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসক বরাবর পত্র দেওয়া হয়েছে। আশা করি, কিছুদিনের মধ্যে আমরা উচ্ছেদ অভিযানে যেতে পারব।’