দুই বিঘা জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুর্বৃত্তরা এক বর্গাচাষির দুই বিঘা জমির লাউগাছ কেটে ফেলেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার উথলী ইউনিয়নের উথলী গ্রামের কাটাখালী মাঠে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত চাষি আবদুল মালেক (৩৮) বলেন, শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা লাউগাছগুলো কেটে দিয়েছে। এতে তাঁর অন্তত ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাঁচ ফুট উচ্চতার মাচার ওপর লাউগাছ এবং নিচে অনেক লাউ ঝুলছে। কিন্তু বেশির ভাগ গাছের পাতা মরে গেছে। খেতের কাছাকাছি গিয়ে দেখা গেল, বেশির ভাগ লাউগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। বর্গাচাষি আবদুল মালেক কেটে ফেলা গাছগুলো জোড়া দিয়ে সেখানে কাদামাটি দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন। খোঁজ নিয়ে জানা গেল, এই খেতে ২০০ গাছের মধ্যে ১৭০টিই দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
আবদুল মালেক বলেন, তাঁর নিজের কোনো জমি নেই। গত বছর মহাজনের কাছ থেকে এক বিঘা জমি ১০ হাজার টাকায় বর্গা নিয়ে লাউয়ের আবাদ করেন। এতে তাঁর মোট ৫৫ হাজার টাকা খরচ বাদে ১ লাখ ১০ হাজার টাকা লাভ হয়। এ বছর ২০ হাজার টাকায় দুই বিঘা জমি বর্গা নিয়ে লাউয়ের আবাদ করেন।