তিন বিচারপতির বাড়ি লক্ষ্য করে বোমা, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ এবং আরেক বিচারপতি কাজী রেজা–উল হকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার পর তাঁদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটল। এ ছাড়া বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে আরেক বিচারপতির বাড়ির সীমানায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর ধানমন্ডির ৭/এ সড়কে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় পাশে হাইকোর্টের আরেক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বাড়ির সীমানাদেয়ালের ভেতরে আরেকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, একটি মোটরসাইকেলে চড়ে দুই দুর্বৃত্ত বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং পাশে আরেক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বাড়ি লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। একটি হাতবোমা বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বাড়ির সামনের রাস্তায় কর্তব্যরত পুলিশের কাছে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। কর্তব্যরত পুলিশ ধাওয়া দিলেও তারা দ্রুত পালিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের একজন মুদিদোকানি গতকাল সকালে বিচারপতি রেজা–উল হকের বাড়ির পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় ওই বাড়িতে পোড়া দাগ দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্যদের জানান।
সরেজমিনে দেখা গেছে, ২০-২৫ বছরের পুরোনো একটি আধা পাকা বড় ঘর। সামনের অংশে লাগোয়া রান্নাঘর। রান্নাঘরের পূর্ব পাশের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। গ্রামের একাধিক বাসিন্দা বলেন, তাঁদের ধারণা, দুর্বৃত্তরা ভোরে ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়।
বিচারপতি কাজী রেজাউল হকের চাচাতো ভাই কাজী মেহেদী মাহমুদ প্রথম আলোকে জানান, বিচারপতি গ্রামে এলে এই বাড়িতে থাকেন। এ ছাড়া প্রায় সারা বছর বাড়িটি তালাবদ্ধ থাকে।
সদর থানার ওসি মাহবুব মোরশেদ গতকাল পাঁচটার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিজাম উদ্দিন পাটোয়ারী নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ওই গ্রামেই।
আইনজীবী সমিতির প্রতিবাদ: বিচারপতি কাজী রেজা-উল হকের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল বার ভবনের হলরুমে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। সভায় বক্তারা বলেন, বিচারপতির বাসায় এ ধরনের হামলা রাষ্ট্রের ওপর আঘাত, যা কোনো অবস্থাতেই ক্ষমার যোগ্য নয়।