দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২০
কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জের ধরে দুটি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সংঘর্ষে শিক্ষকসহ ২০ ছাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় পৌর এলাকার চরপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পুরস্কার পাওয়া নিয়ে লিডারশিপ হাইস্কুল ও গোরকঘাটা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এতে লিডারশিপ স্কুলের শিক্ষক নিজাম উদ্দিন, শওকত আলমসহ দুপক্ষের ২০ ছাত্রী আহত হয়।
আহত ১১ ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত শিক্ষক নিজামকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকেরা জানান, গতকাল মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। অনুষ্ঠানে বিশেষ নৈপুণ্যের জন্য গোরকঘাটা উচ্চবিদ্যালয়কে পুরস্কার দেওয়া হয়।
লিডারশিপ হাইস্কুলের প্রধান শিক্ষক নেছার আহমদ জানান, সংঘর্ষের ঘটনায় তাঁর বিদ্যালয়ের দুই শিক্ষক ও ১১ ছাত্রী আহত হয়েছে।
গোরকঘাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম বলেন, ‘স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার না পাওয়ায় লিডারশিপ হাইস্কুলের শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত ছিল। ছাত্রীরা লিডারশিপ হাইস্কুলের সামনে দিয়ে যাওয়ার পথে তারা হামলা চালালে পাঁচ ছাত্রী আহত হয়।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।