দুই বিদ্যালয়ের সামনে গরুর হাট, দুর্ভোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে প্রতি বুধবার দুটি বিদ্যালয়ের সামনের মাঠে গবাদিপশুর হাট বসানো হচ্ছে। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
সখীপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় সূত্র জানায়, সখীপুর থানা সদরে ১৯২৯ সালে সখীপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় এবং ১ নম্বর সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয় দুটির সামনে পাঁচ একর খাস জায়গা বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠ হিসেবে ব্যবহার করত। তবে বিদ্যালয়ের খরচ মেটানোর জন্য ওই মাঠে প্রতি বুধবার হাট বসানো হতো। এখান থেকে যা আয় হতো, তা বিদ্যালয়ের তহবিলে জমা দেওয়া হতো। ২০০৭ সালে সরকার ওই মাঠে গবাদি পশুর হাটের ইজারা দেয়। চলতি বছর স্থানীয় মোয়াজ্জেম সরদার ৯৭ লাখ টাকা রাজস্ব জমা দিয়ে উপজেলা প্রশাসনের কাছ থেকে এ হাটের ইজারা নিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, দুই বিদ্যালয়ে এক হাজার ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলে। তবে প্রতি মঙ্গলবার বিকেল থেকে বিক্রেতারা হাটে গবাধি পশু আনতে শুরু করেন। বুধবার রাত পর্যন্ত বেচাকেনা চলে। হাটের জন্য প্রতি বুধবার বেলা একটার পর বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। অনেক সময় শ্রেণিকক্ষের বারান্দায় গরু রাখা হয়। হাট পরিচালনাকারীরা পশুর মল ও আবর্জনা ঠিকমতো পরিষ্কারও করেন না। দু-তিন দিন পর্যন্ত ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকে শ্রেণিকক্ষের আশপাশে। সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।
উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘হাটের কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। হাটটি অন্যত্র সরিয়ে নিলে শিশুরা নিরাপদে ও স্বচ্ছন্দে পড়ালেখা করতে পারবে।’
প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য ঝঞ্ঝাটমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ের মাঠে গরুর মাঠ থাকায় শিশুদের মনে ভয় ও আতঙ্ক কাজ করে। হাটের আগের দিন ও হাটের দিন অনেক শিশু ভয়ে বিদ্যালয়ে আসে না।
হাটের ইজারাদার মোয়াজ্জেম সরদার দাবি করেন, গরুর হাটের কারণে বিদ্যালয়ে পড়ালেখার কোনো অসুবিধা হচ্ছে না।
সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরদার বলেন, দীর্ঘদিন ধরে এখানে গরুর হাট বসছে। কখনো কোনো শিক্ষার্থীর অসুবিধা হয়নি। এখান থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে। তবে প্রশাসন যদি অন্যত্র হাট সরিয়ে নিতে পারে, তা হলে ভালো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন জুয়েল বলেন, ‘হাটের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা হয়, এমনটি কখনো চিন্তা করিনি। তা ছাড়া ওই এলাকার কেউ কখনো বিষয়টি আমার নজরে আনেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে কার্যকর ব্যবস্থ গ্রহণ করা হবে।’