দুই বিষেয় পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুর রহমান ওরফে রাফি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার দুটি বিষয়ে অংশ নেয়নি। অথচ সম্প্রতি প্রকাশিত ফলাফলে তাকে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ দেখানো হয়েছে।
হাবিবুর রহমান বরগুনার আমতলী উপজেলার ডালাচারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
শিক্ষক সূত্র জানান, আমতলী উপজেলার ডালাচারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাবিবুর রহমান ডালাচারা সরকারি প্রথামিক বিদ্যালয় থেকে ২০১৪ সালের পিইসি পরীক্ষায় অংশ নেয়। তার রোল নম্বর-৪৭৭। সে অসুস্থতার কারণে গত ২৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা এবং ৩০ নভেম্বর প্রাথমিক গণিত পরীক্ষায় অনুপস্থিত ছিল। কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, ওই শিক্ষার্থী দুটি বিষয়েই ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ডালাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘হাবিবুর রহমান দুটি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি। ফলাফলপত্রে (রেজাল্ট শিটে) তাকে “এ” গ্রেডে উত্তীর্ণ দেখানো হয়েছে। এ রকম ফলাফল দেখে আমরাও বিস্মিত।’
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যোতিশ চন্দ্র শীল জানান, ফলাফলপত্রে ভুল-ত্রুটি হতে পারে। এ ধরনের ঘটনা ঘটে থাকলে পরীক্ষার্থীদের নামের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।’