দুই বোনের ওপর হামলা: মূল সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কলেজছাত্রী দুই বোনের ওপর হামলার মূল সন্দেহভাজন জীবন করিম ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার সন্ধ্যায় মিরপুরের শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকালে রাজধানীর কল্যাণপুরে র‍্যাব-৪-এর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর আবু সাঈদ বলেন, ঘটনার শিকার দুই মেয়ে জানিয়েছে, জীবন ছাড়াও আরও দুই-তিনজন জড়িত ছিল। সরাসরি হামলা না চালালেও এই যুবকেরা জীবনকে উৎসাহিত করছিল। পরিচয় জেনে তাদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

১৯ অক্টোবর মিরপুরে চিড়িয়াখানা সড়কে বখাটের হামলার শিকার হয় যমজ বোন বিসিআইসি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজের সামনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয়। এতে দুই বোনের একজনের পা ভেঙে গেছে, অন্যজনের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জীবনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন ওই দুই মেয়ের বাবা। সেদিনই হামলায় জড়িত সন্দেহে লুৎফর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশ।

হামলার শিকার দুই ছাত্রী প্রথম আলোকে ঘটনার পরপরই বলেছিল, ঘটনার দিন বেলা সোয়া ১১টার দিকে কলেজ ছুটির পর তারা বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষা করছিল। এ সময় একজন একটু দূরে গেলে অন্যজনকে বখাটে জীবন করিম উত্ত্যক্ত করতে থাকেন। প্রতিবাদ করলে তিনি তার ওপর চড়াও হয়ে চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে মুখ চেপে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন। কিছুটা দূরে থাকা অপর বোন এগিয়ে গেলে বখাটে তাকেও লাথি ও চড়-থাপ্পড় মারেন। পরে সহপাঠীরা এসে তাদের উদ্ধার করে। ঘটনার সময় আশপাশে অনেক লোক থাকলেও কেউ এগিয়ে আসেনি। অনেকেই মুঠোফোনে ছবি তুলছিল ও ভিডিও করছিল।

দুই বোন বলেছে, এরপর তারা কলেজে ঢুকে মুঠোফোনে ঘটনাটি তাদের বাবাকে জানায়। বাবার আসার অপেক্ষায় তারা আবার কলেজের সামনে গিয়ে দাঁড়ালে ওই বখাটে একটি বাঁশ দিয়ে তাদের বেধড়ক পেটান। এক বোন মাটিতে পড়ে গেলে তার বাঁ পায়ে বাঁশ দিয়ে কয়েকবার আঘাত করা হয়। এ সময় বখাটের কয়েকজন বন্ধুও ছিল। তখন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে অধ্যক্ষের গাড়িতে করে তাদের হাসপাতালে নেওয়া হয়।