দুই ব্যক্তি খুন, দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিবেশী এক নারীর আঘাতে ও টাঙ্গাইলের সখীপুরে দুর্বৃত্তের দায়ের কোপে দুই ব্যক্তি মারা গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও শেরপুরের নালিতাবাড়ী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে প্রতিবেশী এক নারীর লাথিতে জামাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় খেলা নিয়ে গ্রামের জামাল ও সাহেদের দুই শিশুসন্তানের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে জামালের স্ত্রী আঙ্গুরা বেগম ও সাহেদের স্ত্রী রত্না বেগমের মধ্যে মারামারি লেগে যায়। জামাল তাঁদের ছাড়াতে এগিয়ে গেলে রত্নার লাথির আঘাতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সখীপুর (টাঙ্গাইল): উপজেলার মহানন্দপুর পশ্চিমপাড়া গ্রামে আফছার আলী (৬০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
আফছারের স্ত্রী সখিনা বেগম বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে দুজন লোক সিঁধ কেটে ঘরে ঢুকে আফছারকে দা দিয়ে কুপিয়ে রেখে যায়। হাসপাতালে ভর্তি করা হলে গতকাল ভোরে তিনি মারা যান।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার মান্দারপুর গ্রামের একটি ধইঞ্চাখেত থেকে গতকাল বিকেলে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
নালিতাবাড়ী (শেরপুর): গতকাল রোববার দুপুরে উত্তর কাপাশিয়া গ্রামের চাঙতলা খালপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার পুলিশ উদ্ধার করে।