দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলতলা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন মৌলভীবাজারের জুড়ী উপজেলার দিলখোশ চা-বাগান এলাকা থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার পুলিশ জানায়, গতকাল সকালে ফুলতলা এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতনামা (৩০) ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল হক বলেন, যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
মৌলভীবাজারের জুড়ীর দিলখোশ চা-বাগান এলাকা থেকে অহিদুর (১৯) নামের ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই চা-বাগানের ১২ নম্বর লাইনের বাসিন্দা চা-শ্রমিক আবদুস শুকুরের ছেলে। এ ঘটনায় জুড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন অহিদুর। গতকাল সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে বাড়ির পার্শ্ববর্তী আমগাছে তাঁকে রশিতে ঝুলতে দেখেন। পরে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক হাওলাদার বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
অহিদুরের বাবা আবদুস শুকুর বলেন, অহিদুর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।