দুই ব্যক্তির লাশ উদ্ধার, গৃহবধূর অপমৃত্যু
রাজধানীর দুটি স্থান থেকে গতকাল শুক্রবার সকালে আবদুল আজিজ (৩০) ও আবদুর রহমান (৪০) নামের দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে ভাষানটেকে গৃহবধূ জনুফা আক্তার (২২) নামের একজনের অপমৃত্যু হয়েছে।
শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ের কুমিল্লা বস্তির একটি ঘর থেকে আবদুল আজিজের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন মিয়া প্রথম আলোকে বলেন, আবদুল আজিজ বস্তির একটি ঘরে একাই থাকতেন। তিনি মাঝেমধ্যে ভাত বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কের নিচে ফুটপাত থেকে আবদুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর নাক-মুখ রক্তাক্ত ছিল।
যাত্রাবাড়ী থানার এসআই জসীম উদ্দিন বলেন, রহমান ভবঘুরে ধরনের ছিলেন। ওই ফুটপাতেই ঘুমাতেন তিনি। তাঁর নাক-মুখের আঘাত দেখে মনে হচ্ছে, ভারী কোনো বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে। কেউ কী তাঁকে আঘাত করেছে না কি সড়ক দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য সড়ক দুর্ঘটনা হলে লাশ ফুটপাতে থাকার কথাও নয়। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ভাষানটেকের দামালকোট এলাকার এক বাসা থেকে জনুফা আক্তার (২২) নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। ভাষানটেক থানার এসআই আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, তিন মাস আগে মুঠোফোন মেরামতকারী মো. সেলিমের সঙ্গে বিয়ে হয়েছিল জনুফার। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জনুফা। পরে স্বামী দরজা ভেঙে লাশ মেঝেতে রেখে চিৎকার-চেঁচামেচি করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে জনুফা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। জনুফার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে।
ভবন থেকে পড়ে মৃত্যু: গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে মারা যান রমজান আলী (২৪) নামের এক নির্মাণশ্রমিক। বসুন্ধরা আবাসিক এলাকার ১০ নম্বর সড়কের সি ব্লকের ১০ তলা ভবনের নয়তলার বাইরের দিকে কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। রমজানের বাবা দুলাল মিয়া। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ভাটারা থানার এসআই মোজাম্মেল হক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।