দুই ব্যবসায়ীর দোকানে তালা দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারের দুই কাঠ ব্যবসায়ীর দোকানে গত শুক্রবার তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা টঙ্গিবাড়ী কলেজের ছাত্র ছাত্তার হত্যা মামলার আসামি আলমগীর সৈয়ালের লোকজন বলে এলাকাবাসী জানিয়েছে। আলমগীর উপজেলার বেসনাল গ্রামের মৃত হাবিবুল্লাহ সৈয়ালের ছেলে।
সকাল আটটার দিকে ১০-১২ জন নিহত কলেজছাত্র ছাত্তারের বাবা মান্নান দেওয়ানের মেসার্স দেওয়ান টিম্বারস ও চাচা আমজাদ দেওয়ানের ভান্ডারী টিম্বারে তালা ঝুলিয়ে দেয়। এ সময় আমজাদ দেওয়ানের পকেট থেকে ২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর দীঘিরপাড় ইউনিয়নের মাতব্বররা এসে বেলা ১১টার দিকে ওই দুই দোকানের তালা ভেঙে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৬৭টি ইয়াবা বড়িসহ দীঘিরপাড় বাজার থেকে গ্রেপ্তার হন আলমগীর। ওই ঘটনায় মান্নান দেওয়ানের সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তাঁর ও তাঁর ভাইয়ের দোকানে তালা ঝুলিয়ে দেয় সন্ত্রাসীরা।
গত বছরের ৪ অক্টোবর ছাত্তার নামে এক কলেজছাত্রকে কামারখাড়া ব্রিজের কাছে খুন করে সন্ত্রাসীরা।