দুই ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী গত বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। নড়াইলের লোহাগড়া উপজেলার কামাল পৌরসভার কলেজপাড়া এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক সেন্টার) মালিককেও শনিবার থেকে পাওয়া যাচ্ছে না।
ঝিনাইদহে নিখোঁজ ব্যক্তির নাম বিজয় কুমার পাল (৩৪)। লোহাগড়ায় নিখোঁজ ব্যক্তির নাম কামাল হোসেন ফকির (৩৫)। তাঁদের পরিবারের অভিযোগ, দুজনকেই অপহরণ করা হয়ে থাকতে পারে। দ্রুত তাঁদের উদ্ধারের দাবি করেছেন পরিবারের সদস্যরা।
বিজয়ের ছোট ভাই বিপুল কুমার পাল বলেন, বাজার গোপালপুরে বিজয়ের ‘ভাই ভাই জুয়েলারি’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি পার্শ্ববর্তী চোরকোল বাজারে পাওনা টাকা আনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। তিনি একটি দামি মোটরসাইকেল ব্যবহার করেন। মোটরসাইকেল ও ব্যবসার টাকার জন্য তাঁকে অপহরণ করা হতে পারে। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
বড় ভাই সনজয় কুমার পাল জানান, বিজয় দোকান থেকে ৪০ হাজার টাকা এবং বাজারের আরেক দোকানির কাছ থেকে পাওনা ১৩ হাজার টাকা নিয়ে বের হন বলে দোকানের কর্মচারী প্রশান্ত সাহা জানিয়েছেন। পরদিন বৃহস্পতিবার তিনি ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ বিজয়কে উদ্ধার করতে পারেনি।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল বলেন, জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। দ্রুত তাঁরা কিছু একটা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে লোহাগড়ায় নিখোঁজ কামালের মা রোকেয়া বেগম বলেন, শনিবার সকাল ১০টার দিকে কামাল বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাজারসদাই ভ্যানে করে পাঠিয়ে দেন। দুপুর ১২টার দিকে তিনি পৌর এলাকার কুন্দশীতে বোনের বাড়িতে যান। এরপর পার্শ্ববর্তী লক্ষ্মীপাশা এলাকায় খালার বাড়ি যান। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বের হন। এরপর তাঁর মা বেলা দুইটায় ফোন করলে দুবার ফোন বাজলেও তিনি ধরেননি। পরে ফোন করলে সংযোগ বন্ধ পাওয়া যায়। মনে হচ্ছে তিনি কোনো অপহরণকারী চক্রের হাতে পড়েছেন। এ ব্যাপারে গতকাল থানায় জানানো হয়েছে। জিডির প্রস্তুতি চলছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’