দুই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গাড়ির চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে দুই ব্যবসায়ীকে ১৫ লাখ টাকাসহ অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের সহায়তায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে। এ সময় মাইক্রোবাসে থাকা অপহৃত দুই ব্যবসায়ী ও ১৫ লাখ টাকাও উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাটের দুই গরু ব্যবসায়ী মাহবুবুর রহমান ও মোজাম্মেল হক ব্যাগে ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে নাগেশ্বরীতে ফিরছিলেন। দুই ব্যবসায়ী নাগেশ্বরী উপজেলার খেরবাড়ি নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসে করে ছয় অপহরণকারী মোটরসাইকেলটির পথরোধ করে দুই ব্যবসায়ীকে টাকাসহ অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেয়। পরে অপহরণকারীরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক দিয়ে পালানোর সময় লালমনিরহাট জেলার সেলিমনগর এলাকায় মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে অপহরণকারীরা পাশের ভুট্টাখেত দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে অপহৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মাইক্রোবাসের চালক, মাইক্রোবাস ও টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

আটক হওয়া চালক সিদ্দিকুল ইসলাম চাঁদপুর জেলার দাশহাটি এলাকার মৃত মজিবুল হকের ছেলে বলে জানা গেছে। অপহৃত দুই ব্যবসায়ীর বাড়িই নাগেশ্বরী শহরে।

সেলিমনগর এলাকার বাসিন্দা আবদুল করিম (৪৯) বলেন, তিনি সড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেখেন কুড়িগ্রামের দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস এগিয়ে আসছে। গাড়িটি দোকানের কিছু দূরেই একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় এলাকাবাসী দুর্ঘটনাকবলিত গাড়িটির কাছে ছুটে গেলে গািড় থেকে কয়েকজন লোক ছুটে পালায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল হক বলেন, লালমনিরহাট পুলিশের সহায়তায় ১৫ লাখ টাকাসহ অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। নাগেশ্বরী থানায় অপহরণ ও ছিনতাই মামলা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।