দুই ব্যবসায়ীকে পিটিয়ে ছয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের চর নোয়াবাদ এলাকায় গতকাল মঙ্গলবার এক ঠিকাদারকে পিটিয়ে জখম করে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এর আগের রাতে বরিশালের উজিরপুর শহরে এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে প্রায় চার লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

ভোলায় আহত ঠিকাদারের নাম জহিরুল ইসলাম (৩৯)। তাঁর বাড়ি উত্তর চর নোয়াবাদ এলাকায়। উজিরপুরে আহত ব্যবসায়ীর নাম আবুল কালাম আজাদ (৩৮)। তাঁর বাড়ি উজিরপুর মহল্লায়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম জাহাঙ্গীর হাওলাদার (২৪)। বাড়ি উজিরপুর গ্রামে।

ঠিকাদার জহিরুল ইসলাম বলেন, তিনি উপকূলীয় প্রকল্পের আওতায় প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্র্যাক কার্যালয় থেকে গরুর হাট পর্যন্ত সড়ক নির্মাণ করছেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কাজ শুরু করতে গেলে ওই ওয়ার্ডের কাউন্সিলর শওকত হোসেন তালুকদারের লোকজন পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে কাজে বাধা দেন। তা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লাঠিসোঁটা ও সাইকেলের চেইন দিয়ে মারধর করা হয়। পরে তাঁকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। মারধরকালে সন্ত্রাসীরা তাঁর কাছে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় তাঁর ভাই মো. শাহিনের কাছ থেকে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

কাউন্সিলর শওকত হোসেন তালুকদার বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। ঠিকাদারকে উদ্ধার করেছেন। তিনি যে চাঁদা চেয়েছেন—এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। ক্ষতিপূরণ না দিয়ে গরিব-দুঃখী মানুষের জমি ও পুকুরের মধ্য দিয়ে রাস্তা করতে যাওয়ায় এলাকাবাসী ওই ঠিকাদারকে বাধা দিয়েছেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ওই ঠিকাদার কাউন্সিলর শওকত হোসেন তালুকদারসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের ধরার চেষ্টা চলছে।

এদিকে উজিরপুরের ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, শিকারপুর বন্দরের রড-সিমেন্টের ব্যবসায়ী আবুল কালাম আজাদ সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে ৩ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পৌনে সাতটায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে স্থানীয় পাঁচ-ছয় সন্ত্রাসী রড, হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে পিটিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাত সাড়ে ১১টায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্যবসায়ী আবুল কালাম বলেন, ওত পেতে থাকা উজিরপুর গ্রামের তাওহীদ হাওলাদারের নেতৃত্বে জাহাঙ্গীর হাওলাদার, অনিক হোসেনসহ পাঁচ-ছয়জন তাঁর ওপর হামলা চালান। তাঁরা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ওই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পলাশ সরকার বলেন, রোগীর মাথায় রক্তাক্ত জখম রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশ পিটিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য তাওহীদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গতকাল তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। গ্রেপ্তার জাহাঙ্গীর হাওলাদার নিজেকে নির্দোষ দাবি করেছেন।

উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, জাহাঙ্গীর হাওলাদারকে গতকাল দুপুরে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের জোর চেষ্টা চলছে।