
জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় রাজশাহী ও পাবনা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুলতান নাহিদ ও এইচ এম শাহরিয়ার নামের দুই ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে রংপুর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরের কুমারপাড়া এলাকায় একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানায়। গতকাল শুক্রবার সকালে রাজশাহী থেকে তাঁদের রংপুরে নিয়ে যাওয়া হয়।
আটক সুলতান নাহিদ রাজশাহীর কুমারপাড়ায় ব্র্যাক ব্যাংক শাখার বিক্রয় ও সেবা কর্মকর্তা (সেলস অ্যান্ড সার্ভিস অফিসার) এবং হত্যার ঘটনায় গ্রেপ্তার হুমায়ুন কবির ওরফে হীরার খালাতো ভাই। আর শাহরিয়ার একই শাখার ক্রেডিট কার্ড কর্মকর্তা।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রংপুর গোয়েন্দা পুলিশ ওই দুজনকে আটক করেছে। তবে আটকের কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।
গতকাল যোগাযোগ করা হলে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও রংপুরের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের কোথায় রাখা হয়েছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
ব্র্যাক ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান (হেড অব কমিউনিকেশন) জারাজাবিন মাহাবুব প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, জাপানি নাগরিককে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে ওই দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। এর বেশি কিছু তাঁরা জানেন না।
ব্র্যাক ব্যাংকের একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ওই ব্যাংকের রাজশাহী শাখায় তাঁদের শেষ কর্মদিবস ছিল। কাল রোববার থেকে তাঁদের বগুড়ার একটি শাখায় যোগ দেওয়ার কথা ছিল। নাহিদ রাজশাহীর সাগরপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন এবং শাহরিয়ার একই এলাকার একটি মেসে থাকেন।
এদিকে কুনিওর মরদেহ রংপুরে দাফন করার প্রস্তুতির খবর নিয়ে গতকালও শহরজুড়ে আলোচনা ছিল। কুনিওর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
৩ অক্টোবর সকালে খামারে যাওয়ার পথে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।
কুনিও হোশি হত্যার ঘটনার পর ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে গত মঙ্গলবার সকালে রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব এবং কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এ পর্যন্ত রিমান্ডে পাওয়া তথ্যের ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, জিজ্ঞাসাবাদ চলছে।
পাবনা প্রতিনিধি জানান, কুনিও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাবনা থেকে সুইট হোসেন (৩৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। রংপুরের কাউনিয়া থানা-পুলিশের একটি দল গতকাল বিকেলে তাঁকে আটক করে। সুইটের বাড়ি পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার পুরোনো এতিমখানা পাড়ায়। তিনি পেশায় সিএনজি অটোরিকশার চালক।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান, কাউনিয়া থানা-পুলিশের একটি দল বেলা তিনটার দিকে তাঁকে ফোন করে জানায়, তাঁরা নিয়মিত মামলার একজন আসামি ধরতে পাবনা এসেছেন। বিকেলে ফেরার সময় তাঁরা সুইটকে আটকের কথা বলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিকেলে রংপুর থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল সুইটকে তাঁর বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।
আরও পড়ুন