রূপালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড, ৪৯ হাজার ৪৪০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রূপালী ব্যাংকের চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের আমির মার্কেট শাখার তৎকালীন ব্যবস্থাপক এ কে এম লুৎফুল করিম, হিসাবরক্ষক আবু কায়সার চৌধুরী ও গ্রাহক অমরেশ চন্দ্র দাশ।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা পলাতক। তাঁরা পরস্পর যোগসাজশে রূপালী ব্যাংকের আমির মার্কেট শাখা থেকে ১৯৯৫ সালের নভেম্বর মাসে জাল-জালিয়াতির মাধ্যমে ১ লাখ ৪৮ হাজার ৬৩৩ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে একই বছরের ৩০ নভেম্বর নগরের কোতোয়ালি থানায় মামলা করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক রইছ উদ্দিন। তদন্ত শেষে ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল এই রায় দেন।