দুই ব্যাংকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে। 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন খুব শিগগিরই রাজধানীর আদাবর থানায় মামলাটি করবেন।
যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন‍- আইএফআইসি ব্যাংকের হেড অব মোবাইল ব্যাংকিং মোহাম্মদ মনিরুল ইসলাম, ওই ব্যাংকের মোহাম্মদপুর শাখার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও ইমু মটরসের স্বত্বাধিকারী মনির হোসেন।
দুদক সূত্র জানায়, ২০১২ সালে ইমু মটরসের স্বত্বাধিকারী মনির হোসেন আইএফআইসি ব্যাংকের ওই দুই কর্মকর্তার যোগসাজশে প্রাইম ব্যাংকের আসাদগেট শাখার গ্রাহক ইসমাইল হোসেনের ব্যাংক হিসাব নম্বর থেকে জাল চেকের মাধ্যমে মোট ১১ লাখ ৭৫ হাজার ৭৯৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন।
দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, মনির হোসেন তিনটি চেকের মাধ্যমে আরও অর্থ আত্মসাতের চেষ্টা করলেও একটি চেকের মাধ্যমে ওই টাকা আত্মসাতে সফল হন।