দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন।
আহত ছাত্রদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রাফসি (২২), ফাহাদ (২০), জনি কান্তি পাল (২০), মৃদুল (২১), তুহিন (২১) ও মাহবুবুর রহমান (২২)। তাঁদের মধ্যে মৃদুল, তুহিন ও মাহবুবুর রহমানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে গতকাল বেলা দুইটার দিকে ১১তম ব্যাচের দুই দল ছাত্রের মধ্যে ঝগড়া বাধে। এ সময় ১০ম ব্যাচের ছাত্র রাফসি বিষয়টি জানতে এগিয়ে গেলে ১১তম ব্যাচের ছাত্ররা তাঁকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসের বাইরে শহরের সোনাপুর এলাকায় এবং ভেতরে ভাষাশহীদ আবদুস সালাম হলে ১০ম ও ১১তম ব্যাচের ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে আটজন আহত হন। এ নিয়ে দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ক্যাম্পাসে গেলে পরিস্থিতি শান্ত হয়।
প্রক্টর মুশফিকুর রহমান ছাত্রদের মধ্যে কোনো মারামারি হয়নি দাবি করে প্রথম আলোকে বলেন, দুটি ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়। এ নিয়ে ক্যাম্পাসের বাইরে কিছুটা উত্তেজনা ছিল। এ ঘটনায় কারও আহত হওয়ার কথা তিনি শোনেননি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনায় আহত তিন ছাত্র গতকাল দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনা নিয়ে দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পুলিশ ক্যাম্পাসে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।