দুই ব্লগার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ৩
ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যায় জড়িত থাকার সন্দেহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব দাবি করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মো. আবুল বাশার, দলটির গণমাধ্যম শাখায় কর্মরত জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান। এ নিয়ে দুই ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয়জনকে গ্রেপ্তার করা হলো। আনসারুল্লাহ বাংলা টিমের সব হত্যাকাণ্ডের দায় বিভিন্ন নামে স্বীকার করে নেওয়ার দায়িত্ব ছিল জুলহাস ও জাফরানের ওপর।
বাশার আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা মুফতি জসীম উদ্দিন রাহমানীর ছোট ভাই।
র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল গোলাম সারোয়ার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা দুই ব্লগার হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ব্লগার অভিজিৎ হত্যা মামলা তদন্তকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের গোয়েন্দারা জানতে পারেন, বাশার, জাফরান ও জুলহাস দেশত্যাগের পরিকল্পনা করছেন। এর আগেই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হলো।