
ছুরিকাঘাতে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র আসলাম জেলিন (১৭) নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুই ভাইকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে শহরের মজমপুর গেটের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন জেলিনের বন্ধু তুষার আহমেদ (১৮) ও তাঁর ভাই নিশান আহমেদ (২০)। তাঁদের বাড়ি শহরের আমলাপাড়া এলাকায়।
গতকাল বুধবার সকাল ১০টায় কুষ্টিয়ায় র্যাব-১২-এর কার্যালয়ে দুজনকে হাজির করে প্রেস ব্রিফিং করেন র্যাব কমান্ডার আলী হায়দার। তিনি বলেন, নিশানের সহযোগিতায় মঙ্গলবার রাতে ঢাকায় পালানোর চেষ্টা করেন তুষার। রাত সাড়ে ১০টার দিকে তিনি শহরের মজমপুর গেটে বিআরটিসির কাউন্টারের সামনে ছিলেন। সেখান থেকে দুই ভাইকে আটক করা হয়। তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করে র্যাব।
তুষারের বরাত দিয়ে আলী হায়দার বলেন, দলাদলি ও দুই পক্ষের বিরোধ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জেলিনের বুকে-পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান তুষার।