দুই ভাই ও শিক্ষকের বাড়িতে ডাকাতি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের হিজলহাটি এলাকায় এক শিক্ষকের স্ত্রীকে হাত-পা বেঁধে বাড়িতে লুটপাট করা হয়।
গত রোববার কাপাসিয়ার বেলাশী গ্রামে প্রবাসী আফাজ উদ্দিন ও ফালান মিয়ার বাড়িতে ডাকাতি হয়। তাঁদের স্বজনেরা জানান, কুয়েতপ্রবাসী ফালান কয়েক মাস আগে দেশে ফেরেন। আর মাস খানেক আগে ছুটি কাটিয়ে সৌদি ফিরে যান আফাজ উদ্দিন।
ভুক্তভোগী পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত ফালান মিয়ার বাড়িতে হানা দেয়। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁকে জিম্মি করে ডাকাতেরা। ওই সময় টাকার জন্য ডাকাতেরা তাঁকে মারপিট করে। একপর্যায়ে তাঁর ঘর থেকে ডাকাতেরা এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, মুঠোফোনের তিনটি সেটসহ তিন লাখ টাকার মাল নিয়ে যায়। পরে ডাকাতেরা ফালানকে জিম্মি করে তাঁর ছোট ভাইয়ের বাড়িতে হানা দেয়। ফালানকে দিয়ে ডাকিয়ে ঘরের দরজা খোলানো হয়। এরপর ডাকাতেরা ওই ঘরে ঢুকে ৪২ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনের দুটি সেটসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
কালিয়াকৈরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্র জানায়, হিজলহাটি এলাকার শিক্ষক বেনজীর আহম্মেদ গতকাল সকালে স্কুলে যান। এ ছাড়া বাড়ির অন্য সদস্যরা পার্শ্ববর্তী বড়ইছুটি এলাকায় বিয়ের এক অনুষ্ঠানে যান। এ সময় বেনজীরের স্ত্রী খাদিজা বেগম বাড়িতে একা ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বোরকাপরা এক নারী বাড়িতে আসেন। এ সময় ওই নারী খাদিজার কাছ থেকে জানতে পারেন বাড়িতে আর কেউ নেই। এর কিছুক্ষণ পর বাড়িতে অপরিচিত আরও তিন-চারজন প্রবেশ করেন। এরপর খাদিজার হাত-পা ও মুখ বেঁধে একটি ঘরে আটকে রাখেন তাঁরা। এ সময় ঘরের আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে পালিয়ে যান।
বেনজীর আহম্মেদ বলেন, তাঁর বাড়ি থেকে তিন-চার লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে আইগত ব্যবস্থা নেওয়া হবে।