দুই ভাইকে কুপিয়ে ট্রাক ছিনতাই, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী উড়ালসড়কের ওপর ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে শুকনা মরিচভর্তি একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে আশুলিয়া থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আহত দুই ব্যবসায়ী হলেন টাঙ্গাইলের নাসির উদ্দিন (২৩) ও তাঁর বড় ভাই আবদুর রশিদ (৩৭)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে আহত দুই ব্যবসায়ীর স্বজন মো. শফিক বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে শ্যামবাজার থেকে শুকনা মরিচ কিনে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন নাসির ও তাঁর ভাই। রাত তিনটার দিকে মহাখালী উড়ালসড়কে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত ট্রাকটি আটকায়। পরে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে মরিচসহ ট্রাক এবং প্রায় ৬০ হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ট্রাকের চালক ও তাঁর সহকারীও আহত হন। রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চালক ও তাঁর সহকারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোরের দিকে আশুলিয়া থেকে ট্রাকটি উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, আশুলিয়া দিয়ে ট্রাকটি নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা আরমান ও করিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া করে আটক করে। তাঁদের তথ্যের ভিত্তিতে সকালে শ্রীপুর থেকে মরিচ উদ্ধার করা হয়। এ সময় আরও দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন সুমন ও সোহেল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।