দুই ভাইকে পিটিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে দুই ব্যবসায়ী ভাইকে পিটিয়ে আহত করে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
আহত দুই ভাই হলেন বিমল সাহা (৩৫) ও রনজিত সাহা (২৭)। এঁদের মধ্যে বিমল সাহাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে রনজিত সাহা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বিমল ও রনজিতের সখীপুর-ছিলিমপুর সড়কের ‘দীপা পোলট্রি কমপ্লেক্স’ নামে ডিমের একটি আড়ত আছে। গত সোমবার রাত পৌনে নয়টার দিকে তাঁরা সেখান থেকে পাঁচ লাখ টাকা কাপড়ের থলেতে করে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার বাসায় হেঁটে ফিরছিলেন। পথে উপজেলা পরিষদ চত্বরের মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনজন ছিনতাইকারী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা লাঠি দিয়ে পিটিয়ে তাদের কাছ থেকে টাকার থলে নিয়ে পালিয়ে যায়।
সখীপুর থানার ওসি বজলুর রশীদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।