দুই ভাইয়ের কোমরে ওজন কমানোর বেল্টে সাড়ে ১৪ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার দুই ভাইয়ের কোমরে থাকা ওজন কমানোর বেল্ট থেকে উদ্ধার হলো প্রায় সাড়ে ১৪ কেজি সোনা। গতকাল শুক্রবার দুপুরে এই সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল।
শুল্ক কর্তৃপক্ষ বলেছে, উদ্ধার করা সোনার দাম ৭ কোটি ১৬ লাখ টাকা। এ ঘটনায় সিঙ্গাপুর থেকে আসা ওই দুই ভাইকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মামুন খান (৩৯) ও মুরাদ খান (৩০)। তাঁদের বাড়ি গাজীপুরে।
এর আগে জুতা ও মোজার ভেতর, পানির মোটর, জুসের প্যাকেট, বেল্টসহ নানা সামগ্রীর ভেতর করে আনা সোনা আটক হয়েছে।
প্রিভেনটিভ দলের প্রধান ও ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মামুন ও মুরাদ টাইগার এয়ারের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুর থেকে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় আসেন। বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে এই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কোমরে বাঁধা ওজন কমানোর বেল্টের মধ্যে সোনার বার ও সোনার অলংকার পাওয়া যায়। এগুলোর ওজন ১৪ কেজি ৩৩০ গ্রাম।
রেজাউল করিম বলেন, উদ্ধার হওয়া সোনার মধ্যে ৪ কেজি ৬০০ গ্রাম বার ও সাড়ে নয় কেজির বেশি সোনার গয়না রয়েছে। আটক সোনার বারগুলোর মধ্যে একটির ওজন এক কেজি। ১০০ গ্রাম ওজনের ৩৮টি বার রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।