দুই ভাইয়ের কোমরে সাড়ে ১৪ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ১৪ কেজি সোনাসহ দুজনকে আটক করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ বলছে, আটক সোনার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা। যাত্রীরা দুই ভাই। তাঁরা কোমরে বাঁধা বিশেষ বেল্টের মধ্যে সোনার বার ও অলংকার লুকিয়ে এনেছিলেন।

যাত্রীরা হলেন মামুন খান (৩৯) ও মুরাদ খান (৩০)। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল তাঁদের আটক করে।

প্রিভেনটিভ দলের প্রধান ও ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মামুন ও মুরাদ টাইগার এয়ারের টিজি ৩২১ নম্বর ফ্লাইটে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। গোপনসূত্রে খবর পেয়ে এই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। তাঁরা কোমরে বিশেষ একটি বেল্টের মধ্যে সোনার বার ও অলংকার লুকিয়ে রেখেছিলেন। এগুলোর ওজন ১৪ কেজি ৩৩০ গ্রাম।

রেজাউল করিম জানান, উদ্ধার হওয়া সোনার মধ্যে ৪ কেজি ৬০০ গ্রাম বার ও সাড়ে নয় কেজির বেশি সোনার গয়না রয়েছে। একটি সোনার বারের ওজন এক কেজি। এ ছাড়া ১০০ গ্রাম ওজনের ৩৮টি বার রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।