দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হঠাৎপাড়া মহল্লায় গত শুক্রবার বিকেলে দুই ভাইয়ের মারামারির সময় ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম নজিনুর বেওয়া। তাঁর বয়স প্রায় ১০০। গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা বলেন, শুক্রবার বিকেলে মহল্লার মৃত শামসুদ্দীনের দুই ছেলে সিদ্দিক ও মাহবুবের মধ্যে রাস্তা তৈরির জায়গা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। পরে তাঁরা ইট-পাটকেল ছোড়াছুড়ি করেন। এর মধ্যেই মা নজিনুর বেওয়ার মাথায় একটি ইটের আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিরা নজিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত নজিনুরের মেয়ে ময়না খাতুন বাদী হয়ে দুই ভাইসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।