দুই ভাইয়ের মৃত্যু কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ
দুই ভাইয়ের লাশ উদ্ধারের এক দিন পরও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হতে পারে।
গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরের আমবাগান এলাকার রেলওয়ে বস্তির একটি ঘর থেকে মো. কামরুল হাসান (৩২) ও মো. নুরুল আবছার ওরফে লাকী (৩০) নামের দুই ভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিদের স্বজনেরাও কাউকে সন্দেহ করছেন না। তাঁরাও বুঝতে পারছেন না, কী কারণে মৃত্যু হয়েছে।
নিহত কামরুল হাসানের স্ত্রী নাজমা আক্তার গতকাল সকালে প্রথম আলোকে বলেন, কী কারণে তাঁর স্বামী ও দেবরের মৃত্যু হয়েছে, তা পুলিশ তদন্ত করে বের করুক। তাঁদের সঙ্গে কারও শত্রুতা ছিল না।
মামলার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, দুজনের শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে নিহত কামরুলের বুকে সামান্য ফোসকা দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট করে বলা যাবে না। তদন্তও অব্যাহত রয়েছে।
এ দিকে গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত দুই ভাইয়ের লাশের ময়নাতদন্ত হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।