দুই ভারতীয়সহ ১৩ জেলে আটক
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডার এলাকার বঙ্গোপসাগর থেকে গতকাল রোববার ভারতীয় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে দুজন ভারতের নাগরিক রয়েছেন।
চরমোন্তাজ এলাকার কয়েকজন জেলে প্রথম আলোকে জানান, সকাল ১০টার দিকে স্থানীয় জেলেরা চরআন্ডার এলাকায় একটি অত্যাধুনিক মাছ ধরার ট্রলার দেখতে পান। তাঁরা দেখেন, ওই ট্রলার থেকে ইলিশ ধরার জাল ফেলা হচ্ছে। এ সময় স্থানীয় জেলেদের একটি দল গিয়ে ট্রলারটি ঘিরে ফেলে। পরে ট্রলারসহ ১৩ জেলেকে রাঙ্গাবালী থানা-পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় লোকজন জানান, তাঁদের মধ্যে ভারতের দুজন নাগরিক রয়েছেন।
রাঙ্গাবালী থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, রোববার সকালে স্থানীয় জেলেরা চরআন্ডারের কাছে বঙ্গোপসাগর থেকে ‘এমভি সীতারাম’ নামে একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এঁদের মধ্যে নিরঞ্জন দাস ও দিলীপ দাস ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। বাকি ১১ জন হলেন ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার পঙ্কজ দাস, স্বপন দাস, শাহ জালাল খান, আবদুর রব, নীরব, হারুন, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, ছাদেক হোসেন, জসিম উদ্দিন ও মোহাম্মদ হোসেন।