দুই ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজলার সাচনাবাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া এক ভুয়া চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই অভিযান চলে। সাজাপ্রাপ্ত ভুয়া চিকিৎসক শৈলেন দেবনাথকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাচনাবাজারে গতকাল জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইমরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আদালত বাজারের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এর মধ্যে প্রদীপ ডেন্টাল কেয়ার অ্যান্ড সুনীতি ফার্মেসির পরিচালক শৈলেন দেবনাথকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাঁর প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই।
এ ছাড়া শৈলেন দেবনাথের চিকিৎসকের কোনো সনদ না থাকার পরও তিনি নামের আগে ‘ডাক্তার’ লিখে এলাকার মানুষজনকে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন।
একইভাবে কোনো সনদ ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন বাজারের রতনমণি দাঁতঘরের পরিচালক রতন মিয়া। এই অভিযোগে আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অভিযানের খবর পেয়ে বাজারের সাঈদ ডেন্টাল কেয়ারের লোকজন প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। পরে আদালত ওই প্রতিষ্ঠানের পরিচালক আবু সাঈদ ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান বলেন, ওই তিন প্রতিষ্ঠান যাঁরা পরিচালনা করছেন, তাঁদের কারও চিকিৎসকের সনদ নেই। অথচ তাঁরা এলাকায় চিকিৎসক পরিচয় দিয়ে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন। এদের একজনকে জেল, একজনকে জরিমানা এবং অন্যজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, সাজাপ্রাপ্ত শৈলেন দেবনাথকে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।