দুই ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ভুয়া চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এবং দেবাংশু কুমার সিংহ আজ সোমবার বিকেলে দুটি পৃথক অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: শেরপুর শহরের সজবরখিলা এলাকার মো. শহিদুল ইসলাম (৩৫) ও মীরগঞ্জ (নতুন বাসস্ট্যান্ড) এলাকার এইচ এম হেলাল উদ্দিন (৪৮)। আদালতের নির্দেশে আজ সোমবার সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শেরপুর শহরের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা প্রদান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মেহেদী হাসান সজবরখিলা এলাকার শহিদুল ইসলামের ওষুধের দোকানে অভিযান চালান। সেখানে আদালত দেখতে পান শহিদুল ইসলাম সাইনবোর্ডে মেডিসিন, গাইনি ও নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ব্যবহার করেন। নির্বাহী হাকিম তাঁর কাছে চিকিৎসা সনদ দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মেহেদী হাসান ১৯৪০ সনের ড্রাগ অ্যাক্টের ২৭ ধারায় দোষী সাব্যস্ত করে শহিদুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহের নেতৃত্বে শহরের মীরগঞ্জ (নতুন বাসস্ট্যান্ড) এলাকায় অবস্থিত ঢাকা হোমিও রিসার্চ সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় চিকিৎসক না হয়েও ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করার দায়ে হেলাল উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে সদর থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান রাতে শহিদুল ইসলাম ও হেলাল উদ্দিনকে দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।