দুই মণ গাঁজা উদ্ধার মামলায় দুই মাদক ব্যবসায়ীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মণ গাঁজা উদ্ধারের মামলায় দুই মাদক ব্যবসায়ী জামিনে বেরিয়ে যাওয়ার পরদিন অন্য দুজনের রিমান্ড চাইল পুলিশ। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়। গত সোমবার মাদক ব্যবসায়ী দুই সহোদর জামিনে বেরিয়ে যান। 

জামিন পাওয়া দুই আসামি হলেন রফিকুল ইসলাম ও হাজি আবদুর রশিদ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক শেখ মো. নুর নতুন মিয়া প্রথম আলোকে বলেন, আদালত বুঝে-শুনেই জামিন দিয়েছেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আদালত জামিন দিয়েছেন, আমি কী করব। আমি রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করেছি।’ তিনি বলেন, একই সঙ্গে গ্রেপ্তার অন্য দুই আসামিকে নতুন করে পাঁচ দিন রিমান্ডে নেওয়া আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা শেখ মো. নতুন মিয়া প্রথম আলোকে বলেন, এ মামলায় গ্রেপ্তার চার আসামির দেখানো মতে একটি দোকান থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রথম পর্যায় চারজনের রিমান্ডের আবেদন করা হয়। তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার পর দুজনকে নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
আসামিরা মাদক ব্যবসায়ী কি না, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, ‘এ মামলার আসামিরা হচ্ছেন বাবা ও তিন ছেলে। আমি তদন্ত কর্মকর্তা হিসেবে জিজ্ঞাসাবাদে যা পেয়েছি, তা আদালতকে অবহিত করেছি। আদালত বুঝে-শুনেই দুই আসামির জামিন দিয়েছেন। আমি যা বললাম, তা এখন বুঝে নেন।’
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দেশে মাদকবিরোধী অভিযান চলছে। অথচ মামলার এজাহারে ত্রুটির কারণে আসামিরা জামিনে বেরিয়ে যাচ্ছেন।
আদালত সূত্র জানা যায়, গত সোমবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে দুই আসামির জামিনের আবেদন করা হয়। আসামিপক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী এ কে এম মাহবুবুল ইসলাম। আদালতের আদেশে বলা হয়, এই আসামিদের দখল থেকে মাদক উদ্ধারের অভিযোগ এজাহারে নেই। সুনির্দিষ্ট দখল বিষয়েও তথ্য নেই। ২৭ দিন জেলহাজতে আছেন। এই বিবেচনায় আদালত জামিনে মুক্তির আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ৫ জুন কামরাঙ্গীরচর থানার নবীনগর এলাকার বাসিন্দা আবদুর রশিদ ও তাঁর তিন ছেলে মিজানুর রহমান, মো. ইসমাইল ও রফিকুল ইসলামকে মাদক ব্যবসার অভিযোগে আটক করে পুলিশ। এ সময় আসামিদের দেখানো মতে দোতলা বাড়ির নিচতলার একটি বন্ধ দোকান থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও দুই আসামি পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামরাঙ্গীরচর থানা-পুলিশ এ মামলা করে।