দুই মাংস বিক্রেতাকে কারাদণ্ড
বাগেরহাট শহরের প্রধান বাজারে বিক্রির জন্য অসুস্থ গরু জবাই এবং ‘গরু’ বলে ‘মহিষের মাংস’ বিক্রির চেষ্টার দায়ে দুই মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ভোরে বাগেরহাটের নির্বাহী হাকিম শেখ মহিউদ্দিন এই দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মো. বেল্লাল হাওলাদার (৩৪) ও আবদুস সালাম খান (৩৫)। তাঁদের বাড়ি বাগেরহাট শহরে।
জবাই করা অসুস্থ গরুটি উদ্ধার করে স্যানিটারি পরিদর্শক মো. রোকনউদ্দিনের জিম্মায় রাখা হয়েছে। জব্দ করা মহিষের মাংস ‘মহিষের মাংস’ হিসেবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
অসুস্থ গরু জবাই করে ক্রেতার কাছে বিক্রির চেষ্টার দায়ে বেল্লালকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মহিষ জবাই করে ‘গরুর মাংস’ বলে বিক্রির চেষ্টার দায়ে সালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বাগেরহাটের নির্বাহী হাকিম শেখ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পাঁচটার দিকে শহরের প্রধান বাজারের কসাইখানায় অভিযান চালানো হয়। অপরাধের আলামতসহ বেল্লাল ও সালামকে ধরা হয়। তাঁরা দুজনেই তাঁদের অপরাধ স্বীকার করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাঁদের কারা ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।