দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
রাজধানীর কদমতলী এলাকায় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহজালাল (১৯) ও নোমান (১৮) নামের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তাঁরা মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। তাঁদের হামলায় মাহবুব ও নূরুল ইসলাম নামে পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কদমতলী এলাকার ২৪ ফুট রাস্তায় অভিযান চালায় পুলিশ। মাদক ব্যবসায় জড়িত ১৫ থেকে ২০ জন ব্যক্তি ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। পুলিশের অভিযান টের পেয়ে তাঁরা আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে পুলিশের ওপর হামলা চালান।
ওসি বলেন, আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও শাহজালালের ডান পায়ের হাঁটুর নিচে ও নোমানের বাম পায়ে গুলি লাগে। এই দুজনকে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা মাদক ব্যবসা ছাড়াও বিল্লাল নামে এক ডাকাতের সহযোগী।
এম এ জলিল জানান, গুলিবিদ্ধ দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। এসব অভিযোগে শাহজালাল ও নোমান আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। পুলিশের আহত দুই সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।